কুমিল্লা নগরীর কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছিলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ঈদুল আজহার আগের দিন তিনি এ ঘোষণা দেন। তার এ ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ২৭টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ করেন পরিচ্ছন্ন কর্মীরা।
বর্জ্য অপসারণে সফল হওয়ার পর প্রশাসকের প্রশংসাও করছেন নাগরিকরা। রেসকোর্স এলাকায় বাসিন্দা সাংবাদিক মোবারক হোসেন বলেন, প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঘোষণা দিয়েছিলেন ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করবেন। তিনি তার কথা অনুযায়ী কাজ করেছেন। নগরবাসীর পক্ষ থেকে প্রশংসা পাওয়ার যোগ্য।
২৪ নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গতকাল সন্ধ্যার পরেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কোরবানির সকল বর্জ্য পরিষ্কার করেছেন । বিভিন্ন ধরনের ওষুধ ছিটিয়ে গেছেন দুর্গন্ধ যেনো না হয় ।
পরিচ্ছন্ন কর্মী সুমন মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত বর্জ্য অপসারণে কাজ করা হয়েছে। শুক্রবার দুপুরে প্রশাসক স্যার আমাদের জন্য দুটি গরু, ১৩টি ছাগল কোরবানি করে মাংস দিয়েছেন।
প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। তবুও কোথাও কোনো ডাস্টবিন, ময়লা ফেলার স্থান কিংবা আশপাশের এলাকায় কোরবানির বর্জ্য থাকলে নাগরিকদেরকে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। অথবা ময়লার স্পটের ছবি তুলে স্থানটির নাম ও বিস্তারিত তথ্যসহ কমেন্টসে জানাতে পারেন। আপনাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে ।
জেডএম