হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঝড়ের কবলে সুগন্ধা লঞ্চ, যাত্রী নিয়ে ১৫ ঘণ্টা চরে আটকা

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

গভীর রাতে ঝড়ের কবলে পড়ে চরে উঠে আটকা পড়েছে ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি সুগন্ধা লঞ্চ। জোয়ার আসলেও নদীতে পানি কম থাকায় লঞ্চটি ভাসানো সম্ভব হয়নি। ফলে শতাধিক যাত্রী নিয়ে প্রায় ১৫ ঘণ্টা ধরে চরে আটকা রয়েছে লঞ্চটি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা থেকে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সুগন্ধা লঞ্চটি ইলিশা ঘাটের আগে ঝড়ের কবলে পড়ে। প্রবল ঢেউয়ের তোড়ে লঞ্চটি চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। আটকে পড়া যাত্রীদের সঙ্গে বিকেল ৫ টার দিকে মোবাইল ফোনে কথা হলে তারা চরম দুর্ভোগ ও অসহায়ত্বের কথা জানান।

লঞ্চ থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীকে বিষয়টি জানানো হলেও বিকেল পর্যন্ত যাত্রীদের উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ঢাকা-হাতিয়া রুটে যাত্রী চলাচল সহজ করতে এমভি রূপসা ও এমভি সুগন্ধা নামে দুটি নতুন লঞ্চ সরকারি বরাদ্দে চালু করা হয়। সোমবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে এমভি সুগন্ধা লঞ্চটি উদ্বোধনী যাত্রা শুরু করে। তবে যাত্রার প্রথম রাতেই লঞ্চটি ঝড়ের কবলে পড়ে চরে আটকা পড়ে।

লঞ্চে থাকা যাত্রী দিনাজ উদ্দিন বলেন, রাত ২টার দিকে লঞ্চটি চরে আটকা পড়ে। কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করলে তারা তিনটি ট্রলার পাঠানোর কথা জানায়। কিন্তু ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আরেক যাত্রী জানান, আমার আড়াই বছরের ও ছয় মাসের দুই শিশু সন্তান এবং স্ত্রীসহ লঞ্চে আটকা আছি। সকাল থেকে ছোট বাচ্চাদের কোনো খাবার দেওয়া সম্ভব হয়নি। আমাদের নামারও কোনো ব্যবস্থা করা হয়নি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা চরম মানবিক সংকটে আছি।

লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরের ওপর উঠে যায়। নিয়ন্ত্রণে রাখতে নোঙর করা হয়। পরে ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটি আটকে পড়ে। জোয়ার এলেও পানি কম থাকায় ভাসানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা উদ্ধারকারী জাহাজ পাঠানোর চেষ্টা করছে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার