নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার চরপাতা ইউনিয়নের গাছিরহাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, চরপাতা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে তীব্র লোডশেডিং চলছে। অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র চার থেকে ছয় ঘণ্টা বিদ্যুৎ মিলছে। ঈদুল আজহার সময়ও বিদ্যুতের এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টানা লোডশেডিংয়ের কারণে অনেকের ফ্রিজে সংরক্ষিত খাবার নষ্ট হয়ে গেছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ চলাকালে স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া মহাসড়কে আটকা পড়েন। পরে তিনি ঘটনাস্থলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, এই উপজেলায় লোডশেডিং সবচেয়ে বেশি। ঈদের দিনেও বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।
রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম মোশারফ হোসেন বলেন, গত মঙ্গলবারের কালবৈশাখী ঝড়ে ৩৩ কেভিসহ বিভিন্ন লাইনে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক খুঁটি ভেঙে গেছে, তার ছিঁড়ে গেছে, ট্রান্সফর্মার নষ্ট হয়েছে। লাইনের ওপর গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাত ৮টার পর পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা গেলেও গ্রামাঞ্চলে এখনো পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হয়নি।
জেডএম