হোম > সারা দেশ > চট্টগ্রাম

হোমনার প্রবীণ সাংবাদিক শাহ আলমের ইন্তেকাল, দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যাপক (বাংলা), প্রবীণ সাংবাদিক, শিক্ষাবিদ, কবি ও নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম আর নেই। দীর্ঘ প্রায় তিন মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ আসর মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামের ঈদগাহ মাঠে তৃতীয় ও শেষ জানাজা শেষে সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে মরহুমের প্রথম জানাজা রামচন্দ্রপুরের বাজারপাড়া মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা তার প্রিয় কর্মস্থল রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের লোগোসংবলিত একটি ব্যানার দিয়ে কফিনটি আচ্ছাদিত করে সম্মান প্রদর্শন এবং কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষক-কর্মচারী, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাজায় ছাত্র, শিক্ষক, সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েকশ মুসল্লি অংশ নেন।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার ছেলে মো. সাকিব শাহরিয়ার, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী, অধ্যাপক বিল্লাল হোসেন, অধ্যাপক আব্দুল ওয়াদুদ সরকার ও মো. মশিউর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি মোল্লা গোলাম মহিউদ্দিন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, মুরাদনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল এবং মরহুমের ফুফাতো ভাই মাসুদ প্রমুখ।

অধ্যাপক শাহ আলমের মৃত্যুতে হোমনা উপজেলা প্রেসক্লাব ও মুরাদনগর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় ক্লাবের নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএইচ

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি জনগণকে হতাশ করেছে: আসিফ মাহমুদ

সন্দ্বীপে বয়স জালিয়াতিতে ঘানি টানছে তিন শিশুর পরিবার

লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ

অবৈধ হকারদের দখলে কুমিল্লার ঐতিহ্যবাহী ধর্মসাগর দীঘিরপাড়

কুমিল্লায় মাদক কারবারির পক্ষে বিএনপি নেতাদের তদবিরের অভিযোগ

কুমিল্লায় এইডসে পাঁচ মাসে সাতজনের মৃত্যু

দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত

বুড়িচংয়ে ঘোষণা দিয়ে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ

সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা