চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মেয়রের হাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন তুলে দেন। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে উপসচিব আশফিকুন নাহারের সই করা অফিস আদেশে বিষয়টি জানা গেছে।
কমিটির সদস্য করা হয়েছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেড কমান্ডার, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য (প্রকৌশল), চসিক সচিব, চসিক প্রধান প্রকৌশলী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক, পানি উন্নয়ন বিভাগের চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের পরিচালক, খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদকে। কমিটির সদস্য সচিব চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা।
অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি চট্টগ্রাম মহানগরীর সব খাল ও পানি নিষ্কাশন নালাগুলো সারা বছর সচল রাখাসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় সাধন করবেন। মহানগরীর জলাবদ্ধতাসহ জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ অন্যান্য কাজের সমন্বয় সাধন করবেন।
কমিটি প্রয়োজনে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন তদারকি করবেন। সময়ে সময়ে সভা আহ্বান করে উন্নয়ন ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি ও সমন্বয় করবেন।
এছাড়া চট্টগ্রাম মহানগরীর জনস্বার্থে যেকোনো বিষয় সময়ে সময়ে সরকারকে সুপারিশ করবেন এবং প্রয়োজনে কমিটি বিভিন্ন দপ্তর/সংস্থার সদস্যকে কোঅপারেট করতে পারবেন।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যই প্রতিমন্ত্রী চট্টগ্রাম সফরে ছিলেন।