চট্টগ্রামের ফয়’স লেক এলাকার রয়েল পার্ক নামের আবাসিক হোটেল থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা রোববার রাতে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন। সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফয়’স লেকের প্রবেশমুখে অবস্থিত রয়েল পার্ক হোটেলের একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। হোটেলের রেজিস্টার অনুযায়ী নিহত পুরুষের নাম রিপন আর নারীর নাম সোনিয়া।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। রেজিস্টারের নাম-ঠিকানা আর মোবাইল ফোনের সূত্র ধরে নিহতদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তারা কেন এবং কীভাবে মারা গেছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।