হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাঁজোয়া যানে ওঠে ছাত্র খুন, চট্টগ্রামে বহাল সেই পুলিশ সুপার

চট্টগ্রাম ব্যুরো

রংপুরে জুলাই অভ্যুত্থানে সাঁজোয়া যানে ওঠে গুলি করে ছাত্র খুন করা সেই পুলিশ সুপার মো. শাহজাহান চট্টগ্রামে বহাল তবিয়তে রয়েছেন। ৫ আগস্টের পর পুলিশের প্রধান কার্যালয়কে ম্যানেজ করে চট্টগ্রামে বদলি হয়ে আসেন। অথচ হত্যা মামলা থাকার পরও তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এদিকে তার বিরুদ্ধে গতকাল মঙ্গলবার এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৯৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই শাহজাহান রংপুরে ১৯ জুলাই ছাত্রদের ওপর গুলি চালিয়েছিলেন। ওইদিন রংপুর জেলা পুলিশ সাজোয়া যান নিয়ে মাঠে আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করার চেষ্টা করেন। সেদিন মূলত রংপুর সিটি বাজার এলাকা ছিল আন্দোলনের মূলকেন্দ্র। সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আন্দোলনকারীদের সাথে রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়৷

এই সময় নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাঁজোয়া এপিসি যানে করে মুহুর্মুহু গুলি করেন তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার এই মো. শাহজাহান। এই সংক্রান্ত বেশকিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। কেউ কেউ আজ বুধবার স্ট্যাটাসও দিয়েছেন। সেদিন রংপুরে ৪ জন শহীদ হন। গুলিবিদ্ধ হন প্রায় দুই শতাধিক মানুষ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ আমার দেশকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তার বিষয়ে পুলিশ কমিশনার ভালো বলতে পারবেন। পরে চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজকে কল দিলে তাকে পাওয়া যায়নি। পুলিশ হেডকোয়ার্টাস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে মঙ্গলবার শাহজাহানের বিরুদ্ধে এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৯৫৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজাহারে বলা হয়, আসামি শাহজাহান পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এক কোটি ৪০ লাখ ৪ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্জনপূর্বক ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করা হয়েছে।

অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালে শাহজাহানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। পরে গত বছরের ২৩ অক্টোবর তাকে তলব করে দুদক।

কৃষক পরিবারের সন্তান মো. শাহজাহান বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। ৮ জুলাই তিনি রংপুর জেলার পুলিশ সুপার হন। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ ডিসেম্বর তাকে ফরিদপুর জেলা পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’