চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় সংঘটিত আলোচিত পঙ্কজ শীল (২৬) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঘটনার সময় বোরকা পরিহিত অবস্থায় থাকা এক নারীও রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার রাতে পটিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমানকে (২৩) গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রাম থেকে ফাতেমা বেগম (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার জামাল উদ্দীনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত প্রায় ৯টার দিকে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পঙ্কজ শীল। তিনি মিলন শীলের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হন মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে তিলক চক্রবর্তী (৩০)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর নিহত পঙ্কজের মা ঝিনু শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার নয় দিন পর টেকনাফ থেকে প্রধান অভিযুক্ত আবদুর রহমানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ফাতেমা বেগমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, “পঙ্কজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হবে।”