চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ ঘিরে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দলীয় হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের প্যানেল ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’।
বুধবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়াম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে প্রধান নির্বাচন কমিশনারসহ অপর দুই কমিশনার সরকার দলীয় নীলনকশা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের নানাভাবে বাধা দেওয়া হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং প্রার্থীদের নাজেহাল করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তোলা হয়।
এছাড়া বৈধ ভোটার তালিকা যথাসময়ে প্রকাশ না করা এবং প্রার্থীদের কাছে তা সরবরাহ না করার বিষয়টিও গুরুতর অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী গত ৫ মে বিকেল ৫টার মধ্যে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশের কথা থাকলেও তা করা হয়নি, যা পুরো নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে বলে দাবি করা হয়।
সংগঠনটির নেতারা বলেন, এসব অনিয়ম একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের তালিকা প্রকাশ না হওয়ায় তারা এ নির্বাচনকে সম্পূর্ণ অবৈধ বলে মনে করছেন। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগ করা হয়।
এসব অভিযোগের প্রেক্ষিতে ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’ আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় এবং অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও সরকারি দলীয় হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রৌশন আরা বেগমের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কমিশনের অপর সদস্য অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, কমিশনের প্রধানসহ তিন সদস্য একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, যা তফসিল অনুযায়ী হয়নি এবং তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ নির্বাচনে বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এবং জামায়াতে ইসলামী সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’ পৃথক প্যানেলে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মালেক, কবির হোসেন, নির্বাচন কমিশনের সদস্য এস. এম. আশরাফ উদ্দিন ও মুহাম্মদ ফরিদুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।