চট্টগ্রামের বাঁশখালীতে জায়গার মালিকানা দাবী তুলে এক আইনজীবীর বাড়ি দখল করতে গেলে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
শনিবার (৬ জুন) রাতে আইনজীবী কর্তৃক বাঁশখালী থানায় দায়ের করা মামলা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ঘটনটি ঘটে পুঁইছড়ি ইউনিয়নের সাছিয়ার পাড়া এলাকায়।
জায়গার মালিক মামলার বাদী আইনজীবী মামুন বলেন, ৬০ বছর ধরে আমাদের দখলীয় বসত বাড়িতে বসবাস করে এলেও সম্প্রতি একটি মহল আমাদের জায়গায় মসজিদের জায়গা পড়ছে মর্মে ভুয়া দাবী তুলে আমাদের সীমানায় বেড়া দিতে গেলে জনৈক বজল আহমদের নেতৃত্বে ৩০/৩৫ জন লোক আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় উভয় পক্ষের অন্তত ১০ হন আহত হয়। আহতদেরকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে কয়েকজন গুরুতর আঘাত প্রাপ্তও রয়েছে।
খবর পেয়ে বাশঁখালী থানার এস আই আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
আইনজীবী মামুন আরো বলেন, আদালতের রায়ে আমাদের জায়গা নিষ্কণ্টক রয়েছে। এটা জেনেও প্রতিপক্ষরা গোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। অপরদিকে ওই বিরোধীয় জায়গা মসজিদের দাবী করে বজল আহমদ বলেন, এটা মসজিদের জায়গা, তারা জোরপূর্বক দখল করে বেড়া দিতে গেলে বাঁধা দেওয়াতেই সংঘর্ষ বাঁধে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, জায়গার বিরোধ নিয়েই দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রকৃত তথ্য উদঘাটন করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।