চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্বাস্থ্যসেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সতর্ক করেছেন সংসদ সদস্য এনামুল হক এনাম।
বৃহস্পতিবার (৭মে) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এনামুল হক এনাম এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে। তার প্রভাব পটিয়া হাসপাতালেও পড়েছে।
বৃহস্পতিবার পরিদর্শনকালে রোগীদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, আগের তুলনায় সেবার মান ভালো হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও নার্স সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা আমার নজরে এসেছে।
সংসদ সদস্য এনাম আরো বলেন, হাসপাতালে কোনো সিন্ডিকেট চলবে না। স্বাস্থ্যসেবায় কোনো গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পটিয়া উপজেলা হাসপাতালে রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তিনি সংসদে উত্থাপন করেছেন এবং হাসপাতালটিকে ২০০ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। গ্রাম থেকে আসা মধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবারগুলো যাতে সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে, সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসক, সংবাদকর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য এনাম হাসপাতালের মহিলা, শিশু ও পুরুষ ওয়ার্ড ছাড়াও লেবার রুম ও অপারেশন থিয়েটার পরিদর্শন করেন। এ সময় রোগীরা হাসপাতালের বিভিন্ন সমস্যা, এক্স-রে মেশিন বিকল থাকা এবং নানা অব্যবস্থাপনার বিষয় তুলে ধরেন।