গ্যাস না দিতে পারলে বিল স্থগিতের দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাপাপুরস্থ প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে উদ্দেশ্য করে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, ১৫ দিনের মধ্যে আমাকে জানান। লাইন কাটার দরকার নাই। যাদের গ্যাস দিতে পারছেন না, তাদের বিল স্থগিত করুন।
তিনি আরো বলেন, যে চুরির গ্যাস লাইন দিয়েছেন, এসবের হিসাব চাইলে একটারও চাকরি থাকবে না। আমি হিসাব চাইলে কবর থেকে উঠিয়ে এনে হিসাব নিব।
এমপি অভিযোগ করেন, অনেক এলাকায় নিয়মিত বিল আদায় করা হলেও গ্রাহকরা কাঙ্ক্ষিত গ্যাস সুবিধা পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। গ্যাস না দিয়ে গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব এলাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না, সেখানে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখকে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করার নির্দেশ দেন এমপি।
জেডএম