হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে মা ও ৩ মেয়েকে হত্যায় অজ্ঞাতদের নামে মামলা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের একটি বাসায় ঢুকে মা ও ৩ মেয়েকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে নিহত পরিবারের একমাত্র ছেলে জুনাইদ ইসলাম সিফাত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার ধানহাটা নদীর পাড় সড়কের আমির হোসেন মাষ্টারের ৫ তলা ভবনের নিচতলার বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার মেয়ে সায়মা আক্তার (২১), নাফিসা আক্তার ইকরা (১৭) ও ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (১০) কুপিয়ে হত্যা করা হয়।

তাদের চিৎকার শুনে জানালা দিয়ে বাসায় এক লোককে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা আফরোজা বেগম রানী বাহির থেকে গেট বন্ধ করে দেয়। এতে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদার ভবনের ভেতরে আটকা পড়ে। পরে ওই নারী আশাপাশের লোকজনকে খবর দিলে তারা বাসায় ঢুকে নিহতদের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

অভিযুক্ত ঘাতক বাসার ছাদে উঠে পার্শ্ববর্তী বাসার ছাদে গিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় জনগণ জড়ো হয়ে তাকে গণপিটুনি দেয়। পরে সে মারা যায়। প্রায় দেড় বছর ঘাতক যুবক একই ভবনের ৫ তলায় ভাড়া থাকতেন।

প্রায় ৮ মাস আগে সে এ বাসা ছেড়ে চলে যায়। অন্তর জানতো বাসা ভাড়ার টাকা সবাই শাহিনুরের কাছে জমা দেয় এবং তার কিছু স্বর্ণালংকারও ছিল। এতে ডাকাতির উদ্দেশ্যেই অন্তর ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্বজনরা।

নিহত শাহিনুরের ছোট ভাই ছানা উল্লাহ বলেন, আমার বোনের স্বর্ণালংকার ছিল। সেগুলো লুট করতেই সে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটির মূল ঘটনা উদঘাটনসহ অন্য কেউ জড়িত আছে কি না তা বের করার দাবি জানাচ্ছি।

বাদী জুনাইদ ইসলাম সিফাত বলেন, ঘটনাটি টাকা বা স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেও হতে পারে। কারণ বাড়িওয়ালা না থাকলে আম্মুর কাছে সবাই ভাড়া দিতো। পরে বাড়িওয়ালা নিয়ে যেতো। এছাড়া বাসার দায়িত্বে ছিল আম্মু। বাসা ছেড়ে এখান থেকে যাওয়ার পর অন্তরকে আর কখনো আসতে দেখিনি।

রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, একটি লোকের দ্বারা ৪ জনকে খুন করা সম্ভব কি না, এটা নিয়ে আমরা সবাই ধোঁয়াশার মধ্যে আছি। খুনের সঙ্গে আর কেউ আছে কি না বা কি কারণে করা হয়েছে, আশা করি তদন্ত শেষে প্রশাসন আমাদেরকে জানাবে।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শাহীনুরের ছেলে সিফাত বাদী হয়ে মামলা করেছেন। মামলার তদন্ত চলমান রয়েছে। কী কারণে ঘটনাটি ঘটেছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা যাচ্ছে না।

এমএইচ

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক নিয়ে আপস নয়: এমপি মনিরুল হক চৌধুরী

জাগপা নোয়াখালী জেলা কমিটির দায়িত্বে আবু নাছের ও তারেক রহমান

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা

‎খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, গুলিবিদ্ধ কমান্ডার আটক

বিয়ের প্রলোভনে শ্লীলতাহানি ও পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ১

রাজস্থলীতে চীনা জামাই; বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা