এপস্টেইন নথিতে নাম
ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখা।
বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে তার নাম উঠে আসা এবং ঋণ খেলাপির অভিযোগকে কেন্দ্র করে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ফেনী শহরের মিজান ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। আয়োজকদের পক্ষ থেকে এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি বিশ্বজুড়ে আলোচিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের কয়েক মিলিয়ন পৃষ্ঠার নথি প্রকাশের পর তাতে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নাম উঠে আসে। এসব নথিতে এপস্টেইনের রাজনৈতিক যোগাযোগ, অর্থায়ন কাঠামো এবং প্রভাববলয়ের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকাশিত নথিগুলো মূলত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সাবেক গভর্নর বিল রিচার্ডসনের নির্বাচনি প্রচারে অর্থায়নসংক্রান্ত। নথি অনুযায়ী, জেফরি এপস্টেইন ওই নির্বাচনি প্রচারণার অন্যতম শীর্ষ দাতা ছিলেন এবং তিনি সেখানে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেন।
একই দাতা তালিকায় বাংলাদেশের ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর নামও উল্লেখ রয়েছে। নথিতে দেখা যায়, তিনি বিল রিচার্ডসনের নির্বাচনি তহবিলে ৫ হাজার মার্কিন ডলার অনুদান দেন। তালিকায় তাকে ‘বাংলাদেশের ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের হাজী সফি উল্যাহর পুত্র।
আবদুল আউয়াল মিন্টু এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও পরিচিত। তাঁর পিতা প্রয়াত হাজী সফি উল্যাহ উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং পরবর্তীতে দাগনভূঞা উপজেলার প্রথম দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে এপস্টেইন-সংক্রান্ত নথিতে নাম উঠে আসার এই বিএনপি নেতার মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষাপটেই মনোনয়ন বাতিলের দাবিতে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির।