হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইনানীতে গভীর নলকূপের পাইপ বসাতে গিয়ে আগুন

নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় একটি বাড়িতে গভীর নলকূপের পাইপ বসানোর সময় হঠাৎ গ্যাস নির্গত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ইনানীর ছোট ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাসিন্দা আব্দুল্লাহর বাড়িতে গত তিন দিন ধরে প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের কাজ চলছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে খননকাজের একপর্যায়ে হঠাৎ করে ভূগর্ভ থেকে তীব্র গতিতে গ্যাস নির্গত হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। দেখতে দেখতে আগুনের শিখা ও বুদবুদ ওপরের দিকে উঠতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকার উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করে মাইকিং ও বাঁশি বাজিয়ে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি সুনির্দিষ্ট কোনো প্রাকৃতিক গ্যাসের খনি বা সন্ধান কি না, কিংবা এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা বিশেষজ্ঞ দল তদন্তের পর নিশ্চিত করতে পারবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভূগর্ভ থেকে অবিন্যস্তভাবে গ্যাস নির্গত হতে থাকায় পানি ছিটানোর পরেও আগুনের তীব্রতা মাঝেমধ্যে আরও বেড়ে যাচ্ছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রিমন ঘোষ জানান, নলকূপ খননের সময় গ্যাস নির্গত হয়ে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন এবং এলাকার নিরাপত্তার স্বার্থে উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হচ্ছে।

এমএইচ

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ