সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে এদেশের লবণ শ্রমিকেরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পায়।
কিন্তু বর্তমানে লবণের সেই ন্যায্য মূল্য আর নেই। ঢাকায় মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খেলেও আমার এখানকার লবণচাষিরা তাদের উৎপাদিত লবণ কেজি প্রতি ১০ টাকা দরেও পায় না। এটা একধরনের চরম বৈষম্য।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দরিদ্র লবণচাষীদের লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। এখন একটা অন্তর্বর্তী সরকার আছে, যাদের অভিজ্ঞতা না থাকার ফলে লবণ আমদানির কথা বলা হয়েছিল।
যে কারণে লবণের দাম কমে যায়। পরে আমাদের অনুরোধে সরকার আমদানি বন্ধ করেছে। এখন পর্যায়ক্রমে বাড়বে লবণের দাম। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে লবণ চাষিদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির অপর নাম হচ্ছে গণতন্ত্র। আর গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। ভবিষ্যতে আমরা এ দেশকে কোথায় নিয়ে যাবো তার একটি রূপরেখা জনগণের কাছে তুলে ধরছি। দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলছি।
দারিদ্য বিমোচনের মাধ্যমেই আমরা এদেশে অর্থনৈতিক স্বচ্ছলতা আনব। আগামী দিনে দেশ আরো সমৃদ্ধশালী হবে। পক্ষান্তরে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা ভোট করছেন, দেশের মানুষের জন্য তাদের কোনো পরিকল্পনা আমরা দেখছি না ।
সভায় আরো বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ চৌধুরী রাজু, কক্সবাজার জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী,
পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু ও পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট প্রমুখ।
এর আগে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ, পেকুয়া উপজেলার শিলখালীী ও রাজাখালী ইউনিয়নে ধানের শীষের সমর্থনে আয়োজিত পৃথক নির্বাচনি পথসভায় বক্তব্য দেন। পরে রাত ৮টার দিকে পেকুয়া আলহাজ্ কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ।
পৃথক সভায় দেশের গণতন্ত্রের ধারাকে আরো শক্তিশালী হিসেবে গড়ে তুলতে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান তিনি।