হোম > সারা দেশ > চট্টগ্রাম

কৃষকের ঘর ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরে হামলা চালিয়ে এক কৃষকের বসতঘর ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কৃষকের স্ত্রী শাহিদা আক্তার বাদী হয়ে বিএনপি নেতা মনিরুল হক মনিরসহ ৩০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

রোববার দুপুরে বাদীর আইনজীবী মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্তরা বাদীর বসতঘর ভাঙচুর করে ভিটা কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এ ঘটনায় কমলনগরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আরিফ হোসেন মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত মনিরুল হক মনির কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা। মামলার অন্য আসামিরা হলেন—মনিরের ছেলে হারুন চৌধুরী জুয়েল, আকরাম হোসেন, মেয়ে মুন্নি বেগম, স্ত্রী জেসমিন বেগমসহ অজ্ঞাত আরও ২৫ জন।

মামলা সূত্রে জানা যায়, বসতভিটার জমিটি বাদী শাহিদা আক্তারের স্বামী রেজাউল হকের ওয়ারিশ ও ক্রয়কৃত সম্পত্তি। প্রায় তিন বছর আগে সেখানে একটি টিনের ঘর নির্মাণ করে তারা বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা মনিরুল হক মনির জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এর জেরে গত বুধবার (১১ মার্চ) ভোরে মনিরসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় বসতঘরটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয় এবং ভিটা কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। প্রতিবাদ করলে বাদী, তার স্বামী ও পুত্রবধূকে মারধরের চেষ্টা করা হয় এবং পুনরায় ঘর নির্মাণ করলে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বাদীর ছেলে আজিজুল হক আজগর বলেন, “আমরা এখন খুবই অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। থাকার মতো কোনো ঘর নেই। পুরো ঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মনিরুল হক মনির বলেন, “জমিটি আমাদের। তারা জোরপূর্বক সেখানে বসবাস করছে। নিজেদের ঘর নিজেরা ভেঙে এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”

এ বিষয়ে কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী বলেন,“ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”

নাফিসা কামালের সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠক, আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে দাঁড়াতে পারেন সাদিক কায়েম

১২ হাজার পিস ইয়াবাসহ কাভার্ড ভ্যান জব্দ, আটক ২

‎পরশুরামে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ ২ জন গ্রেপ্তার

চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আর্মি মেডিকেল কলেজ

ঈদগাঁওয়ে তরুণীকে অপহরণ করে নির্যাতন, আসামি গ্রেপ্তার

গভীর রাতে মাটি কাটা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ আটক ৭

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা জানালেন কুসিক প্রশাসক

হলুদ-মরিচ ভাঙানোর মেশিনে বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

স্ত্রীকে হত্যার পর সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর