নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার মাদক কারবারি ১১ মামলার আসামি ওমর ফারুক ওরফে বুলেট ফারুককে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী মহাসড়কে ডিএনসি ও র্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বুলেট ফারুক (৪৪) বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, নোয়াখালীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।
এমই