জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এবারের নির্বাচন ২০০৮, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয়, বরং এতে গুণগত পরিবর্তনের সুযোগ রয়েছে।
রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, “বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর আগে। এই সময়কালে বহু সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পদ্ধতিগত কোনো পরিবর্তন হয়নি। যে সরকারই ক্ষমতায় এসেছে, দুর্নীতি করেছে। সরকার বদলেছে, কিন্তু দুর্নীতির কোনো পরিবর্তন হয়নি। এমনকি কোনো কোনো সরকারের আমলে বাংলাদেশ বিশ্বে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।”
তিনি আরও বলেন, “এবারের নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর দুর্নীতি বন্ধ করার একটি বড় সুযোগ তৈরি হয়েছে।”
ডা. তাহের বলেন, “আমাদের ১১ দলীয় জোটে বীর মুক্তিযোদ্ধা, জুলাই আন্দোলনকারীসহ ইসলামী সমমনা দলগুলো রয়েছে। সারাদেশে ইতোমধ্যে ১১ দলীয় জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করি, মানুষ এবার ভালো মানুষদের ভোট দেবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশ থেকে চিরতরে দুর্নীতি বন্ধ হবে। নির্বাচনে জোট বিজয়ী হলে স্বৈরাচার ও ফ্যাসিবাদের চিরতরে পতন ঘটবে এবং বাংলাদেশ নতুন করে গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করবে।”
শুভপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. মফিজুর রহমানের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শেখ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, খিরণশাল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুল হক, মাওলানা ইকবাল হোসেন সালেহী, ব্যবসায়ী আবদুস সালাম মোহন, মাওলানা মোজাম্মেল মনোয়ার এবং শুভপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আরিফুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসাইন, জামায়াত নেতা আহসান উল্লাহ, কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুল জলিল মাদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।