ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বুধবার জেলার ছাগলনাইয়া ও সদর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে সাহাব উদ্দিন খোকন (৫৫) ও সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে কবির আহমেদ (৭২)।
ছাগলনাইয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টায় যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ছাগলনাইয়া থেকে বক্সমাহমুদের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি রৌশন ফকির মাজারের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাটিবোঝাই পাওয়ার ট্রলি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুড়মে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী সাহাব উদ্দিন খোকন মারা যান।
এ সময় দুর্ঘটনায় আহত হন- সিএনজি চালক হাসান (২৬), নিহত খোকনের ছেলে ইফাজ উদ্দিন (২২), লিজা (৩৫) ও আবদুল হক (৬৩)।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রলিসহ চালককে আটক করেছে। আটক চালকের নাম হৃদয় (২১)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নিলক্ষী বিষ্ণপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।
খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে সদর উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা এলাকায় অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় কবির আহমদ নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত কবির আহমেদ (৭২) একই উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার মৃত মকবুল আহমেদের ছেলে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএইচ