চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভাটিয়ারী ইউনিয়নের জলিল এলাকায় উপজেলা বিএনপির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী।
তিনি বলেন, দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে এ পুনর্গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী তিন থেকে চার মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
ঘোষিত ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. কমল কদর। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জহুরুল আলম জহুর ও মো. সালামত উল্লাহকে। সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. মোরছালিন এবং যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ফজলুল করিম চৌধুরী।
দলীয় নির্দেশনা অনুযায়ী, নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া উপজেলা পুনর্গঠনের অংশ হিসেবে ১ নম্বর সৈয়দপুর থেকে ৭ নম্বর কুমিরা ইউনিয়ন পর্যন্ত বিএনপির সব ইউনিয়ন কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে দ্রুত সময়ের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।