চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে ইটভাটার জন্য কেটে নেওয়া গর্তে পড়ে মারা গেছে দুই শিশু। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকি আকতার (৮) হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব আন্দারমানিক গ্রামের কলিম বাপের বাড়ির হাবিবুর রহমানের মেয়ে এবং সানজিদা আকতার (১১) একই বাড়ির জাগির হোসেনের মেয়ে।
উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বাড়ির পাশে ইটভাটায় ব্যবহারের জন্য কেটে নেওয়া মাটির পানিভর্তি গর্তে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। জানতে পেরেছি, এক শিশু পানিতে পড়ে গেলে অন্যজন তাকে তুলতে গিয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে।
উপজেলার ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বাড়ি থেকে ২০০ ফুট দূরে মাটি কেটে নেওয়ায় সৃষ্ট পানিভর্তি গর্তে পড়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। প্রত্যক্তদর্শী অন্য এক শিশু দেখতে পেয়ে বাড়িতে এসে জানালে স্থানীয়রা শিশু দুটিকে মৃত অবস্থায় পায়। পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট নেয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।