নোয়াখালী জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্রের খপ্পরে পড়ে স্বর্ণালংকার, পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী।
ক্ষতিগ্রস্ত দুই শিক্ষার্থী হলেন জান্নাতুল নাঈমা (১৯) ও ফাহিমা আক্তার শশী (১৯)। তারা দুজন নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার্থী। তাদের পরীক্ষা কেন্দ্র সোনাপুর ডিগ্রি কলেজ।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর মেহরান ডাইন রেস্তোরাঁর সামনের সড়কে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের স্বজনরা জানান, নাঈমা ও ফাহিমা দুজনই একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বান্ধবী। শনিবার সকালে তারা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি মাইজদী মফিজ প্লাজাসংলগ্ন মেহরান ডাইন রেস্তোরাঁর সামনে পৌঁছালে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাদের অচেতন করে ফেলে। পরে তাদের শরীরে থাকা স্বর্ণালংকার এবং সঙ্গে থাকা পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। পরে সিএনজিচালক দুই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রেখে চলে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার কারণে তারা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।
এ ঘটনায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের দুই অভিভাবক থানায় এসে অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। স্থানীয় জনতার আটক করা সিএনজিটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলবে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।