কুমিল্লা নগরীতে বিশেষ অভিযানে উজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহযোগী মো. নাঈমুর রহমান মজুমদার মাছুমকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত আসামি। চৌদ্দগ্রামে সংঘটিত ৮ হত্যাকাণ্ড মামলার ৮৮নং আসামি তিনি।
নাঈমুর রহমান মজুমদার মাছুম চৌদ্দগ্রাম উপজেলা ঘাসি গ্রামের মোখলেসুর রহমান মজুমদারের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, নাঈমুর রহমানের কাছ থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নাশকতা পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তার স্বীকারোক্তিতে উঠে এসেছে যে ঢাকা শহরে ৮/৯টি স্থানে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা নেয়া হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ৬-৭টায় মধ্যে ভয়াবহ নাশকতা চালানো হবে।
অভিযুক্ত নাঈমুর রহমান আরও জানায়, এবার শুধু মহাসড়ক অবরোধেই সীমাবদ্ধ নয়, তারা এক্সকাভেটর ব্যবহার করে রাস্তাঘাট কেটে দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেয়ার পরিকল্পনা করেছে। এর পাশাপাশি শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করার কৌশলও হাতে নেয়া হয়েছে।
নাঈমুরের গ্রেপ্তারকে কেন্দ্র করে কুমিল্লাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার যেকোনো পরিকল্পনা ব্যর্থ করে দেয়া হবে।
সেনাবাহিনী জানায়, সেনা অভিযানে গ্রেপ্তারের পর নাঈমুর রহমানকে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা সিআইডিকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি নাঈমুর মজুরদারকে নিয়ে আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।