চাঁদপুরের কচুয়া উপজেলায় উদ্বোধনের আগেই প্রায় ২ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত মাঝিগাছা-নিন্দপুর রঙের বাজার সংযোগ সড়কের হরিপুর এলাকার একটি সেতুর এপ্রোচ ধসে পড়েছে। একই সঙ্গে নির্মাণাধীন আরসিসি গার্ডার সেতুর দুই পাশের গার্ডওয়াল ও সংযোগ সড়কের অংশে ফাটল ও মাটি সরে গিয়ে পুরো প্রকল্পটি ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় ১২ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু ও সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দ ছিল ২ কোটি ৩১ লাখ ৭১ হাজার ১১৬ টাকা। কাজটি বাস্তবায়ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হারুন এন্ড সন্স।
সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের গার্ডওয়ালের নিচের মাটি সরে গেছে, সংযোগ সড়কের একাধিক স্থানে বড় বড় ফাটল ও গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই কার্পেটিংসহ বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম শিকদার, হযরত আলী ও জিলানীসহ অনেকে অভিযোগ করে বলেন, নির্মাণকাজ শুরুর সময় থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তারা আরও বলেন, একাধিকবার উপজেলা প্রকৌশলীকে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সেতুর এপ্রোচ নির্মাণেও মানহীন খোয়া ও ইট ব্যবহার করা হয় এবং সঠিকভাবে ঢাল না মিলিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সেতুটি এখনো উদ্বোধন না হলেও ইতোমধ্যে ভেঙে পড়া শুরু হয়েছে, যা ভবিষ্যতে বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। তারা বিষয়টি উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন বলেন, “বৃষ্টির কারণে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ঠিকাদার এখনো পুরো বিল পাননি। কাজের মান যাচাই করে চূড়ান্ত বিল দেওয়া হবে বলেও জানান তিনি।