কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী বলেছেন, শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। ক্ষুদে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
রোববার সকালে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বাচ্চাদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নতুন কুঁড়ির মতো এতো সুন্দর আয়োজন করেছেন, আর আপনারা এমন কাদামাখা মাঠে বাচ্চাদের খেলতে নামাচ্ছেন। এমন মাঠে হালচাষ করা যায় খেলাধুলা নয়। তিনি দ্রুত সময়ের মধ্যে মাঠের পয়ঃনিস্কাশনের ব্যবস্থা করে মাঠকে খেলাধুলায় উপযোগী করার নির্দেশ দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুব আলম চপল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল প্রমুখ।
প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াররা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, সাঁতার।
আয়োজকরা জানান, কয়েকদিনব্যাপী এ প্রতিযোগিতায় ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স, সাঁতারসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।
জেডএম