হোম > সারা দেশ > চট্টগ্রাম

চামড়া নষ্ট করা অর্থনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-অসহায়দের ক্ষতি

আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও ফখরুল

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং মাদক-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অবৈধ দখল, যানজট, জাল নোট চক্র, মাদক কারবারি, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পর্যটন এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় ঈদকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মহাসড়কের নিরাপত্তা, পশুর হাট ব্যবস্থাপনা, মাদক নিয়ন্ত্রণ, পর্যটন এলাকায় নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবার নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইউএনও ফখরুল ইসলাম কোরবানির পশুর চামড়া নষ্ট না করে স্থানীয় মাদ্রাসাগুলোতে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চামড়া জাতীয় সম্পদ। অসচেতনতা ও অব্যবস্থাপনার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এতে একদিকে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয় গরিব-অসহায় মানুষ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

তিনি বলেন, ঈদের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, ইট-বালুর স্তূপ ও দখলদারিত্ব দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। তাই ঈদের আগেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। সড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও তিনি অস্পষ্টভাবে জানান।

তিনি আরও বলেন, কোরবানির পশুর হাটে প্রতিবছর জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। চামড়া সংগ্রহের পর দ্রুত লবণ দিয়ে সংরক্ষণ করারও পরামর্শ দেন।

সভায় বক্তারা বলেন, সীতাকুণ্ডে দিন দিন মাদক, চুরি, ছিনতাই ও কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে। বিশেষ করে সিকিউর সিটি, সরকারি মহিলা কলেজ এলাকা, সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, উত্তর বাজার ও মহাসড়ক সংলগ্ন বিভিন্ন এলাকায় মাদকসেবী ও ইয়াবা কারবারিদের আনাগোনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। উত্তর বাজার, সিকিউর সিটি ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, চামড়া পরিবহনের আগে অবশ্যই সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। না হলে দ্রুত চামড়া নষ্ট হয়ে যেতে পারে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে ঠিকমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে রোগীদের প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয় না। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঠপর্যায়ে খুব কমই দেখা যায়। এতে সাধারণ মানুষ প্রয়োজনীয় সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোরসালিন বলেন, সীতাকুণ্ডে সম্প্রতি মহাসড়কের পাশে ব্যাপকহারে নতুন নতুন কন্টেইনার টার্মিনাল ও ডিপো বৃদ্ধি পাচ্ছে। কন্টেইনারবাহী শত শত গাড়ি মহাসড়কে পার্কিং করার কারণে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। তিনি বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হচ্ছে। অধিকাংশ অপরাধ কর্মকাণ্ডের পেছনেও মাদক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

সভায় আরও জানানো হয়, ঈদ উপলক্ষে সীতাকুণ্ডের পর্যটন এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় থাকবে। পাশাপাশি মহাসড়কের দুই পাশের জঙ্গল পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সড়ক দখলমুক্ত করার দাবিও জোরালোভাবে উঠে আসে সভায়।

ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: জনতা

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি

সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লায় বিদ্যালয় মাঠে পশুর হাট

চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি

দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনারা ব্যারাকে ফিরে যাচ্ছে

চট্টগ্রামে বিএনপিপন্থি আইনজীবীদের হামলায় আহত দুই সাংবাদিক

চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন প্রকৌশলী সেলিম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট