অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটক চার বাংলাদেশিকে কমান্ডার পর্যায়ে বৈঠকের ফেরত এনেছে বিজিবি। দালালের মাধ্যমে তারা সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে। এরপর বিএসএফের হাতে ধরা পড়ে তারা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, স্থানীয় দালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার বড়জ্বালা গ্রামের নাছির মিয়ার ছেলে সেজু মিয়ার (২০) সহযোগিতায় টাকার বিনিময়ে ৪ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। বিষয়টি নজরে পড়লে ১০৪ ব্যাটালিয়ন বিএসএফ সিধাই ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
চার বাংলাদেশিকে আটকের খবর জানতে পেরে বিজিবি তাদের ফেরত আনার উদ্যোগ নেয়। ২ জানুয়ারি ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর আটক ব্যক্তিদের ফেরত আনে বিজিবি।
বিজিবির জিজ্ঞাসাবাদে তারা জানায়, স্থানীয় দালাল সেজু মিয়ার সহযোগিতায় টাকার বিনিময়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন জানান, পাচারকারীকে পলাতক আসামি করে এবং ফেরত আনা নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
আটককৃতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার গন্ধর্ভপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে আকাশ মিয়া (২২), তার স্ত্রী সাথী আক্তার (১৯), আকাশের শিশুকন্যা ফাতেমা আক্তার ও একই গ্রামের ফরাস উদ্দিনের ছেলে আল আমিন।
/এফ/