চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাছাড়া একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করছেন।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় ৬ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ আবদুল মোবিন, (বিএনপি বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মানসুর আহমেদ সাকি, আমার বাংলাদেশ পার্টির মনোনীত রাশিদা আক্তার, বাংলাদেশ লেবার পার্টি নাসিমা নাজনীন সরকার ও স্বতন্ত্র প্রার্থী মো. ফয়জুন্নুর আখন। মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারী।
রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায় - ডা. আবদুল মোবিন- বাংলাদেশ জামায়াতে ইসলামী (নির্বাচনি বিধি অনুযায়ী তথ্যগত ত্রুটি), তানভীর হুদা-স্বতন্ত্র (১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি), মানছুর আহমেদ সাকী- ইসলামী আন্দোলন বাংলাদেশ (কারিগরি ও নথিগত অসঙ্গতি), নাসিমা নাজনীন সরকার- বাংলাদেশ লেবার পার্টি (ঋণ খেলাপি; যমুনা ব্যাংক), রাশিদা আক্তার মিতু- এবি পার্টি (হলফনামায় শনাক্তকারীর স্বাক্ষর না থাকায়), ফয়েজুন্নুর আখন রাসেল- বাংলাদেশ রিপাবলিকান পার্টি (প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি)।
অপরদিকে বৈধ ঘোষণা হওয়া ৫ প্রার্থী হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো.জালাল উদ্দিন, জাতীয় পার্টির মনোনীত মো. এমরান হোসেন মিয়া, এলডিপি মনোনীত বিল্লাল হোসেন, গণ অধিকার পরিষদের মনোনীত গোলাফ হোসেন, নাগরিক ঐক্যের মনোনীত এনামুল হক।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির প্রার্থী আলহাজ্ব ড. জালাল উদ্দিন বলেন, “মহান আল্লাহ তায়ালার দরবারে আমি শুকরিয়া আদায় করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। ধানের শীষ শুধু আমার প্রতীক নয়, এটি এই এলাকার সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতীক।”
জামায়াতের প্রার্থী আব্দুল মোবিন বলেন, তুচ্ছ কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আপিল এর মাধ্যমে আমি মনোনীত ফিরে পাবো ইনশাআল্লাহ।
বিএনপি বিদ্রোহী প্রার্থী তানভীর হুদা বলেন, রিটার্নিং অফিসারের করা আমার মনোনয়নপত্র অবৈধ করার বিষয়ে আপিল করবো।