হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রাক থেকে ২৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধারের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে আমদানিকারকের দাবি, ট্রাকে ছিল ৩৩৪ বস্তা জিরা। ডিবির জব্দ তালিকা ও সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬০ বস্তা দেখানোয় বাকি ৭৪ বস্তার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ ঘটনায় আটকের পর ৭৪ বস্তা জিরা আত্মসাতের অভিযোগও উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। পরে তল্লাশি করে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধারের কথা জানায় পুলিশ।

ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা এসব জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।

অন্যদিকে আমদানিকারক মাহবুব উল্লাহ রকির দাবি, গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে তিনি বৈধভাবে জিরা আমদানি করেন। ঢাকার বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় জিরাগুলো সিলেটে গুদামজাত করে রেখেছিলেন। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গেলে তার পরামর্শে মালামাল ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলেন।

তার ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে।

রকি বলেন, ট্রাক আটকের পর তারা পুলিশকে আমদানিসংক্রান্ত কাগজপত্র দেখানোর চেষ্টা করেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। ডিবি কর্মকর্তারা পরদিন সকালে সিদ্ধান্ত জানানোর কথা বললেও পরে মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করেন। তার দাবি, তিনি প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা আমদানি করেছিলেন, যা ৩৩৪ বস্তার সমান। কিন্তু ডিবি ২৬০ বস্তা দেখিয়ে জব্দ তালিকা তৈরি করেছে; বাকি ৭৪ বস্তার হিসাব কী, তা তারা বুঝতে পারছেন না।

তিনি আরো বলেন, প্রশাসনের প্রতি তাদের সব সময় শ্রদ্ধা ও সম্মান রয়েছে এবং প্রশাসন ব্যবসায়িক নিরাপত্তা দেয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরও এভাবে হয়রানির শিকার হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। তার আমদানি করা মাল এখনো লোকসানে রয়েছে, আর এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাবেন। তারা প্রশাসনের কাছে হয়রানি নয়, সহযোগিতা ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশা করেন।

একদিকে আমদানিকারক ও স্থলবন্দর কর্মকর্তার দাবি, ৩৩৪ বস্তার আমদানি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে; অন্যদিকে ডিবি বলছে, ২৬০ বস্তা পাওয়া গেছে এবং কোনো কাগজপত্র দেখানো হয়নি। ফলে ট্রাকে প্রকৃতপক্ষে কত বস্তা জিরা ছিল, বাকি ৭৪ বস্তার হিসাব কী এবং আমদানিসংক্রান্ত কাগজপত্র যাচাই না করেই মালামাল জব্দ করা হয়েছে কি না—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

আমদানিকারকের দাবির বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নূর আলম সিদ্দিকী বলেন, ৩৩৪ বস্তার কাগজপত্র ঠিক আছে। তবে কেন ডিবি আটকিয়েছে, সেটা তার বোধগম্য হচ্ছে না। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ৩৩৪ বস্তা নয়, তারা ২৬০ বস্তা পেয়েছেন এবং কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম বলেন, তারা যতটুকু জানতে পেরেছিলেন, ওই পক্ষের কাছে কোনো কাগজপত্র ছিল না। তবে আজ একটি পক্ষ কাগজপত্র আছে বলে জানিয়েছে। সেগুলো সরবরাহ করার কথা থাকলেও এখনো পুরোপুরি দেয়নি। আর যদি বেশি মাল জব্দ করে কম দেখানো হয়ে থাকে, তাহলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার