চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়ায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তিনি এক বছর বয়সী একটি কন্যাসন্তানের জননী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শাশুড়ির সঙ্গে নাস্তা করার পর নয়ন নিজ কক্ষে চলে যান। সকাল ১০টার দিকে তার শাশুড়ি বাড়ির পাশের ক্ষেতে সবজি তুলতে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, ঘরের ভেতর এক বছরের শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করছে।
খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে এসে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নয়নের ঝুলন্ত লাশ দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে কী কারণে ওই গৃহবধূ এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে আত্মহত্যার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
এমএইচ