হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলবে ৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

বিদায়ি প্রধান শিক্ষক সুখ রঞ্জন বিশ্বাস। ছবি: আমার দেশ

দীর্ঘ ৩৮ বছর ৮ মাস ২০ দিনের শিক্ষকতা জীবনের অবসান ঘটল মতলব উত্তরের ১২৪ নম্বর নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাসের। কর্মজীবনের শেষ দিনে তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আবেগঘন সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়। পরে ফুলে সাজানো একটি প্রাইভেট কারে করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী তাকে বাড়ি পৌঁছে দেন।

সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্যে তাদের প্রিয় শিক্ষকের কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করেন। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদায়ি বক্তব্যে সুখরঞ্জন বিশ্বাস শিক্ষকতা জীবনের সুখ-দুঃখের নানা স্মৃতি তুলে ধরে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, চরপাথালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণ পাল, সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, উপজেলা স্কাউট কমিশনার শাহজাহান, স্কাউট সম্পাদক আক্তার হোসেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুমন খান, ডা. মোহন মিয়া, সহকারী শিক্ষক পারুল রানী বিশ্বাস, সালেহা আক্তার, বিল্লাল হোসেন, হাসনেয়ারা আক্তার, ঝুমুর আক্তার প্রমুখ।

অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সুসজ্জিত একটি প্রাইভেট কারে সুখরঞ্জন বিশ্বাসকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। আবেগঘন এই বিদায়ে অনেকের চোখে অশ্রু দেখা যায়।

জানা গেছে, সুখরঞ্জন বিশ্বাস ১৯৮৭ সালের ১০ অক্টোবর সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮৮ সালের ১০ অক্টোবর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ১৯৯৬ সালের ১০ জানুয়ারি নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ২০০৭ সালের ১ নভেম্বর একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ২০২৬ সালের ২৯ জুন অবসরে যান।

সহকর্মীরা জানান, সুখরঞ্জন বিশ্বাস শুধু একজন দক্ষ প্রধান শিক্ষকই নন, তিনি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক, পরামর্শদাতা ও আদর্শ মানুষ। তার সততা, শৃঙ্খলা, মানবিকতা এবং শিক্ষার প্রতি নিবেদন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

ব্যক্তিগত জীবনে সুখরঞ্জন বিশ্বাস স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের জনক। বড় ছেলে একজন ব্যাংকার, মেয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছোট ছেলে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

এমএইচ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সরাইলে তৃতীয় দিনের সংঘর্ষে অচল মহাসড়ক

চায়ের দোকানে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ জুয়ারি

কুমিল্লা বোর্ডে ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী

জী‌বিত ব্যক্তিকে মৃত দে‌খি‌য়ে বয়স্কভাতা বন্ধ, প্রতিবাদে বিক্ষোভ

উখিয়া সীমান্তে ৬০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

৩১ কোটি ২৫ লাখ টাকা নিয়ে লাপাত্তা ওয়াহিদুল

স্বর্ণের চেয়েও এখন বেশি লাভ সিগারেট চোরাচালানে

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার

ডামুড্যার হুমায়ুন পুলিশ ক্যাডারে মেধা তালিকায় দ্বিতীয়