প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমদ
গণমাধ্যমের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য গণমাধ্যম কমিশন করতে যাচ্ছে সরকার। গণমাধ্যম সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এ কমিশন গঠিত হবে। এ কমিশন স্বাধীন গণমাধ্যমের স্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করবে বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
শনিবার চট্টগ্রামে আমার দেশ-এর ব্যুরো অফিসসহ কয়েকটি পত্রিকা অফিস পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি বান্দরবানে তথ্য অধিদপ্তর আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন আবদাল আহমদ। পরে আমার দেশ-এর চট্টগ্রাম ব্যুরো অফিসে আসেন। এ সময় তাকে স্বাগত জানান আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ও ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস। অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় আমার দেশ-এর চট্টগ্রাম অফিসের সংবাদকর্মীরা ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান মুস্তোফা নঈম উপস্থিত ছিলেন। পরে টাইমস অব বাংলাদেশ-এর চট্টগ্রাম ব্যুরো অফিসও পরিদর্শন করেন তিনি।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, অপতথ্য ও গুজব এখন স্বাধীন সাংবাদিকতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট আমলের সে পরাজিত গোষ্ঠী এ গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের কাছে তাঁবেদারি নয়, দায়িত্বশীল ভূমিকা আশা করে। দেশের অগ্রগতির স্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে কিছু কিছু গণমাধ্যম ফ্যাসিবাদী আমলের ভূমিকায় ফিরে যাওয়ার চেষ্টা করছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পতিত শক্তির পক্ষে ন্যারেটিভ তৈরির কাজ করছে। সরকার এ বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম প্রেস ক্লাব ও জাতীয় প্রেস ক্লাবের মধ্যে যৌথ মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সহকারী সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর, বাসসের সিনিয়র রিপোর্টার মিয়া আরিফ।
তথ্যভিত্তিক সাংবাদিকতা সময়ের দাবি
এদিকে সরকারের নির্বাচনি ইশতেহারের বাস্তবায়ন কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা, উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য প্রচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানে দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে তথ্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।
ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে কর্মশালায় যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জনগণের সামনে নির্ভুল ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম দেশের উন্নয়ন প্রক্রিয়াকে আরো গতিশীল করতে পারে।
দিনব্যাপী কর্মশালায় সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন, তথ্য অধিকার, গণসচেতনতা বৃদ্ধি, সরকারি তথ্য প্রচারে গণমাধ্যমের ভূমিকা এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষকরা বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই, সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবেদন তৈরির কৌশল এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে উপস্থাপনের বিষয়ে আলোচনা করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মনিরুজ্জামান খান, বান্দরবান জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন।