ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়ায় ৫৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার রাজাখালী ইউনিয়নে এ ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার বিমান ঘাঁটির উদ্যোগে রাজাখালীর এয়ার আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মনোয়ারুল ইসলাম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বিমান বাহিনীর সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহযোগিতা দেওয়া হবে।
এ সময় স্কোয়াড্রন লিডার জিল্লুর, ফ্লাইট লেফটেন্যান্ট ফারদিনসহ বাংলাদেশ বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের এ কঠিন সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।