বাঁশখালীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর এমপি মাওলানা জহিরুল ইসলাম বলেছেন, অতীতে একটি চক্র মাদক পাচারের মাধ্যমে দেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলার জলদী মিয়ার বাজার থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলদী জিএস প্লাজা মার্কেট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, “মাদক, ইয়াবা এবং অনলাইন-অফলাইন জুয়ার বিরুদ্ধে দেশে এখন জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। এ বিষয়ে শিগগিরই জাতীয় সংসদে কার্যকর আইন প্রণয়ন হবে।”
তিনি আরও বলেন, দেশের প্রায় ৩০ শতাংশ তরুণ জনগোষ্ঠী আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি। তাই তরুণদের মাদক ও জুয়ার বিরুদ্ধে আরও সচেতন হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, যুব বিভাগের দায়িত্বশীল, স্থানীয় আলেম, শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।