কুমিল্লার চৌদ্দগ্রামে পান ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়ন হত্যার ঘটনায় দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-নয়নের পার্শ্ববর্তী বাড়ির নাছির আহমেদ চৌধুরীর ছেলে নুরুল আমিন চৌধুরী প্রকাশ সোহেল ও খোরশেদ আলম চৌধুরী প্রকাশ টিটু।
বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
জানা গেছে, উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা রাস্তার মাথায় দোকান বন্ধ করে মঙ্গলবার রাত ১১টার পরে দক্ষিণ বেতিয়ারায় বাড়ি ফিরছিলেন পান ব্যবসায়ী আনোয়ার হোসেন নয়। বাড়ির পাশের মসজিদের কাছে পৌঁছলে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাঁর উপর হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই রাতে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।
বুধবার নয়নের সহধর্মিণী তাছলিমা আক্তার বাদি হয়ে চার জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ব্যবসায়ী হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। দুইজনকে আটক শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।