রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নের ইসলামপুর এলাকায় এক নারী খুন হয়েছেন বলে জানা গেছে। রহস্যজনক এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর নাম আয়েশা খাতুন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টায় ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন নিজ বাড়ির একটি কক্ষ থেকে আয়েশা খাতুনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
নিহত আয়েশা খাতুন ইসলামপুর এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম রফিজুল ইসলাম।নিহতের স্বামী জানান, সন্ধ্যার সময় বাড়িতে এসে আমার স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার ছেলেকে ডাক দিয়ে বলি তোর মা আর বেঁচে নেই। পরে ঘরের আলমারি খোলা অবস্থায় দেখতে পাই। সেখানে গরু বিক্রি করা ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, টাকা চুরির সময় দেখে ফেলার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
শুভলং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা করেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমএইচ