নোয়াখালীর হাতিয়া উপজেলায় যুবদলের মিছিলরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।
হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার চরচেঙ্গা বাজারে যুবদল একটি কর্মী সমাবেশের আয়োজন করে। ফারুক স্থানীয় বাংলাবাজার থেকে মিছিল নিয়ে সভাস্থলে রওনা হন।
মিছিল চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার নাক ও মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস জানান, ফারুক নামের ওই ব্যক্তিকে জরুরী বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা সাংবাদিকদের বলেন, মিছিলে যুবদল নেতা ফারুকের মৃত্যুর খবর শুনেছি।