চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুরে মুরগির খামার থেকে রতন ত্রিপুরা (১৮) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টাইগার ক্লাব নামক এলাকায় সজীব মাস্টারের মুরগির খামার থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে ফটিকছড়ি থানার পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বাসিন্দা রতন ত্রিপুরা তিন বছর যাবৎ ওই খামারে চাকরি করছিলেন। সোমবার রাত ৯টার দিকে খামারের মালিক সজীব মাস্টারের বাসা থেকে যুবকের জন্য রাতের খাবার নিয়ে খামারে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি তৎক্ষণাৎ বিষয়টি থানার পুলিশকে অবহিত করেন ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, ‘রতন ত্রিপুরা নামের ওই আদিবাসী যুবক দীর্ঘদিন ধরে এই খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। রাত ৯টার দিকে ঘটনাটি খামারের মালিক আমাকে জানালে আমি পুলিশে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।’
নিহত যুবক পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের গুইছড়িপাড়া গ্রামের জনৈক বানী কুমার ত্রিপুরার ছেলে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠাই। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।