হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও চাঁদাবাজিমুক্ত শিল্পাঞ্চল গড়ার অঙ্গীকার

সংবর্ধনা অনুষ্ঠানে আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনকে চাঁদাবাজিমুক্ত, পরিবেশবান্ধব শিল্পাঞ্চল এবং একটি আদর্শ নির্বাচনি এলাকায় রূপান্তরের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী। একইসঙ্গে শিক্ষার্থীদের লেখাপড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি।

মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে সীতাকুণ্ড ছাত্র সমিতি—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার, নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য এমন একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করার পরপরই কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাবে। তিনি জানান, এ লক্ষে শিল্পখাতের সঙ্গে সমন্বয় করে বাস্তবমুখী কর্মপরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষিত তরুণ-তরুণীদের উৎপাদনমুখী জনশক্তিতে রূপান্তর করা হবে।

তিনি বলেন, সীতাকুণ্ড শিল্পাঞ্চলকে একটি পরিকল্পিত ও আধুনিক শিল্প বেল্ট হিসেবে গড়ে তোলা হবে, যেখানে পরিবেশ সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং সুশাসন নিশ্চিত করা হবে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্পপতিরা যেন নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে।

শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকার যুবসমাজ ও শিক্ষিত ছেলেমেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিলে বেকারত্ব কমবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার বিষয়েও তিনি গুরুত্বারোপ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সীতাকুণ্ডের শিক্ষার্থীদের জন্য সীতাকুণ্ড থেকে সরাসরি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড ছাত্র সমিতির সভাপতি সাদমান ইউসুফ সাজিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মহিন উদ্দিন সৌরভ। এতে সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক সংসদ সদস্য আসলাম চৌধুরীসহ উপদেষ্টা ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়, এটি নেতৃত্ব, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্র। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা উন্নয়ন অপরিহার্য।

অনুষ্ঠানে ইফতারের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া ২৯ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

প্রধান উপদেষ্টা আসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, সীতাকুণ্ড ছাত্র সমিতি একটি অরাজনৈতিক সংগঠন, যেখানে সকল মত ও পথের শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে। সংগঠনের ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখাই আমাদের মূল শক্তি।

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

২৫ হাজার পরিবারের মাঝে কেডিএস গ্রুপের যাকাত বিতরণ

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

সপ্তাহে ১৫০ টাকা জমিয়ে রাজকীয় ঈদ বাজার

ঝড়ের কবলে সুগন্ধা লঞ্চ, যাত্রী নিয়ে ১৫ ঘণ্টা চরে আটকা

তিন মাসেই ধসে পড়ল ১০ লাখ টাকার রিটার্নিং ওয়াল

সড়ক দুর্ঘটনায় বাড়ি ফেরা হলো না চাঁদপুরের স্কুল শিক্ষকের

দেশটাকে তলাবিহীন ঝুড়ি করে পালিয়েছেন হাসিনা: হাজী জসীম উদ্দিন

ঈদের আগে প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে উচ্ছ্বসিত চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা