চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ১১ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে জোরারগঞ্জ থানাধীন করেরহাট এলাকার সায়মন ফিলিং স্টেশনের বিপরীত পাশে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র্যাব।
চেকপোস্টে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে বেলাল হোসেন (৩৫) ও আব্দুল রাজ্জাক (৪৫) নামে দুইজনকে আটক করতে সক্ষম হয়। তারা উভয়ই চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।
পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাদের জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এ বিষয়ে র্যাব-৭, চট্টগ্রাম-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক জানান, আটক দুইজনকে মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।