বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাহিদুল ইসলাম (১৮) নামে এক তরুণ। ম্যাচ শেষে গোলপোস্টের লোহার বার ধরে ঝুলতে গেলে সেটি ভেঙে তার বুকের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম মহানগরের হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরের কলসির দীঘির পাড় এলাকায় ভগ্নিপতির সঙ্গে থাকতেন এবং রঙমিস্ত্রির কাজ করতেন।
মাহিদুলের দুলাভাই মো. রবিউল জানান, সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়েছিলেন মাহিদুল। খেলা জয়ের পর উল্লাস করতে গিয়ে তিনি গোলপোস্টের লোহার বারে ঝুলছিলেন। এ সময় গোলবারটি খুলে গিয়ে তার বুকের ওপর চাপা পড়ে। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।