ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার নন্দীরচর গ্রামে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। উপজেলার মজিদপুর ইউনিয়নের নন্দীরচর গ্রামের একটি সেতুকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নীল-সাদা রঙে সাজিয়ে তুলেছেন স্থানীয় সমর্থকেরা। ব্যতিক্রমী এই উদ্যোগ দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা।
সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশ আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো হয়েছে। উভয় পাশে টাঙানো হয়েছে অসংখ্য আর্জেন্টিনার পতাকা। একই সঙ্গে সেতুর মাঝখানে শোভা পাচ্ছে বাংলাদেশের দুটি জাতীয় পতাকা। সব মিলিয়ে সেতুটি এখন বিশ্বকাপ উন্মাদনার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মানুষ সেতুটি দেখতে আসছেন। অনেকে স্মৃতিচারণমূলক ছবি তুলছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে উপভোগ করছেন এই ব্যতিক্রমী আয়োজন।
এ উদ্যোগের অন্যতম উদ্যোক্তা এবং ঢাকা জজ কোর্টের কর্মজীবী দীন মোহাম্মদ বলেন, “বিশ্বকাপ ফুটবল এলেই আমরা আনন্দ-উৎসবে মেতে উঠি। এলাকার যুবসমাজ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় প্রতি আসরেই এমন আয়োজন করা হয়। আমাদের এলাকায় আর্জেন্টিনার পাশাপাশি অন্যান্য দলের সমর্থকরাও রয়েছেন। তবে খেলা নিয়ে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই মিলেমিশেই খেলা উপভোগ করি।”
এসময় তিনি খেলার মাঠ না থাকায় এলাকার শিশু-কিশোররা খেলাধুলার প্রতি আগ্রহ থাকার সুযোগ বঞ্চিত হচ্ছে বলে জানান তিনি এবং খেলার মাঠের ব্যবস্থা করে দেওয়ার জন্য কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে নন্দীরচর গ্রামের এই সেতু এখন শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং ফুটবলপ্রেম ও সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে।