এমপি নয়, কর্মী হয়ে সব সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার করে প্রচারণা শেষ করলেন চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেছেন, আমি এমপি হয়ে ক্ষমতার অংশ হতে চাই না; বরং একজন কর্মী হিসেবে সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সংগ্রামে নিজেকে নিয়োজিত রাখব।
সোমবার নিজ নির্বাচনি এলাকায় প্রচারের শেষ দিনে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি চট্টগ্রাম নগরীর ৮ ও ১২ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সাঈদ আল নোমান বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের ফয়সালা হবে আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন—এই বিশ্বাস নিয়েই বিএনপি জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন।
তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্রকে পরিকল্পিতভাবে সংকুচিত করা হয়েছে। আগামী নির্বাচন সেই হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ।
তিনি আরও বলেন, ইনশাআল্লাহ চট্টগ্রাম-১০ আসনের মানুষ যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি একজন এমপি নয়, একজন কর্মীর মতো জনগণের পাশে থাকব। চট্টগ্রামকে একটি প্রকৃত বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে কাজ করব, যেমনটি আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন।
বিএনপি ক্ষমতায় এলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের জন্য কাজের সুযোগ তৈরি এবং ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম-১০ আসনের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছেন। যেভাবে অতীতে তারা তার বাবা, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে বিপুল ভোটে জয়ী করেছিলেন, সেই ভালোবাসা ও আস্থা এবারও পাবেন বলে তিনি বিশ্বাস করেন। জনগণ যদি তাকে ও তার দলকে সেবা করার সুযোগ দেন, তাহলে সেই আস্থার মর্যাদা রক্ষা করাই হবে তার প্রধান দায়িত্ব।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের ভবিষ্যৎ রক্ষার আহ্বান জানাচ্ছি।
গণসংযোগ ও পথসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।