হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের মিছিল: গ্রেপ্তার ৪৭, ওসি ক্লোজড

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও উত্তেজনার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গত দুই দিনে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৪৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোশাররফ হোসেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করে। মিছিল চলাকালে পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে মিছিলটি ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয় বলে স্থানীয়রা দাবি করেন। ওই মিছিলে নেতৃত্ব দেন নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল করিম বাবু।

ঘটনার পর ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ শেষে ফেরার পথে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

এ ঘটনায় সুধারাম মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এটিকে নিয়মিত প্রশাসনিক বদলির অংশ বলে দাবি করা হয়েছে।

একই আদেশে মো. কামরুল ইসলাম-কে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্য-কে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান-কে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র ও যুবলীগের ৪৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য মিছিল এবং পরবর্তী সংঘর্ষের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫

রামুতে ছেলের গুলিতে বাবা নিহত

অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়া, ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার শূন্য

বাঁশখালীতে বাড়ি দখল কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

‎‎চান্দিনায় গণপিটুনি দিয়ে ৫ ডাকাত আটক, মালামাল লুট

কুমিল্লায় হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা

রামগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি