চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে মা ও ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যার অন্যতম আসামি মাওলানা মো. ইয়াছিনকে ঘটনার ৫ দিন পর আটক করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাত ১০টায় উপজেলার কাঞ্চন নগর ইউপির টিলা পাড়া এলাকা থেকে আত্মগোপনে থাকা ঘাতক ইয়াছিনকে তার খালা-শ্বশুরের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে।
ভূজপুর থানার ওসি মাহবুবুল হক ইয়াছিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা এলাকার কাঞ্চন নগর থেকে আমরা তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা রুজু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে কাল তাকে কোর্টে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর থানা এলাকার পশ্চিম ভূজপুর গ্রামের ফকিরা বন এলাকার ভোলা গাজী বাড়ির আলী আহমদের ছেলে ইয়াছিন গাছের ঝরে পড়া পাতা কুড়ানো নিয়ে ছোট ভাই মাসুমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ইয়াছিন ধারালো দা দিয়ে ছোট ভাই মাসুমকে কোপাতে থাকে। এসময় মা জুলেখা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় ইয়াসিন।
পরে গুরুতর আহত মো. মাসুম গত শুক্রবার দুপুরে ও মা জুলেখা বেগম রোববার বিকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।