বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল সোমবার (০২ জানুয়ারি) একদিনেই কক্সবাজার ও চট্টগ্রামের ৫টি জনসভায় বক্তব্য রাখবেন।
কক্সবাজারের জনসভা সফল করার লক্ষে রোববার সকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ, দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের কারণে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ন্যায় ও ইনসাফের সমাজ গঠনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হলেও তা দৃশ্যমান নয়। নির্বাচন কমিশন ও সরকার কোন জবাব দিতে পারছে না। এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেই প্রশ্নও তুলেন তিনি।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, নারী কর্মীদের উপর হামলা করে প্রতিদ্বন্দ্বী দলটি তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরেছেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং একটি মানবিক ও কল্যাণ-রাষ্ট্র গঠনের লক্ষ্যে নিরলস-ভাবে কাজ করে যাচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারির জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।
মুহাম্মদ শাহজাহান বলেন, এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে গণজাগরণ সৃষ্টি করার একটি সুযোগ।
তাঁর মতে, তরুণ সমাজকে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। নৈতিকতা, সততা ও দেশপ্রেমের ভিত্তিতে নেতৃত্ব তৈরি করাই জামায়াতের লক্ষ্য। জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ইনশাআল্লাহ একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়-ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াত ডা. শফিকুর রহমানের সফরে ৫টি জনসভায় ভাষণ দেবেন। এরমধ্যে সকাল ৯ টায় কক্সবাজারের মহেশখালীতে, কক্সবাজার শহরের গোল চত্বর মুক্তিযোদ্ধা মাঠে সকাল ১০ টায়, চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠ বেলা ১১টায়, চট্টগ্রাম সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ দুপুর ২টায় ও চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল ৪টা ৪৫ মিনিটে বক্তব্য দেবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জাহিদুল ইসলাম ও কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, আল আমিন সিরাজুল ইসলাম, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ সাকিল প্রমুখ।