ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ চৌধুরীপাড়া রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে মিনহাজুল ইসলাম শাওন (২২) এবং সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সোমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩)।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও শাওন দুই বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসছিলেন। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি দ্রুতগতির ডাম্পট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার পুলিশ মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তাদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়।
ফেনীর ফাজিলপুর হাইওয়ে থানার এসআই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ডাম্পট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম