খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙিনায় শুকনো নারিকেলগাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ডের বলিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত স্বপ্না সাহা (৫০) মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আমস্বত্ব শুকাচ্ছিলেন স্বপ্না সাহা। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই নারিকেলগাছ ভেঙে পড়ে তার ওপর। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মাটিরাঙ্গার ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, নারিকেলগাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
জেডএম