হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় পাগলা কুকুরের তাণ্ডব, একদিনেই আহত ২০

উপজেলা প্রতিনিধি, হোমনা (কুমিল্লা)

কুমিল্লার হোমনায় হঠাৎ করেই বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত হোমনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কয়েকটি পাগলা কুকুরের অতর্কিত আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের অনেকেই ভ্যাকসিনের সংকটের কারণে বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। কুকুরের এমন হিংস্র আচরণে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আক্রান্তদের কেউ নিজ বাড়ির উঠানে কাজ করার সময়, আবার কেউ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুরের আক্রমণের শিকার হন। এমনকি অন্যকে বাঁচাতে গিয়েও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে হোমনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. মতিউর রহমান (৫০), শাহিদা (৪২), সালেহা বেগম (৫৫), বিল্লাল (৬২), তৈয়বা আক্তার (১০), ইমরান (২৩), সর্বচন্দ্র দাস (৭০), রেখা রানী (৪৫), জীবন মিয়া (৬০) ও বীথি আক্তারের নাম জানা গেছে।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ১০ জন এবং বহির্বিভাগে ৩ জনসহ মোট ১৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালের চিকিৎসক ডা. মো. শহিদুল্লাহ জানান, হাসপাতালে যাওয়া পাগলা কুকুরের আক্রমণে আহত রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিনের সংকট থাকায় রোগীদের স্থানীয়ভাবে ভ্যাকসিন সংগ্রহ করে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে। প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হোমনা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের জানান, আগামীকালই (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম জানান, দিনের বেলা বিষয়টি তাদের কেউ জানায়নি। আগামীকালও যদি ওই কুকুরটিকে দেখা যায়, স্থানীয়দের সহযোগিতায় সেটিকে পর্যবেক্ষণ করে নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এআরবি

জঙ্গল সলিমপুরের ঘটনা তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান আসলাম চৌধুরীর

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

কুমিল্লায় এমপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

ফেনীতে তিন ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিল যুবদল নামধারীরা

কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী

কক্সবাজারে ছুরিকাঘাতে ২ যুবক নিহত, একজন হাসপাতালে

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

গর্ভবতী নারীকে মারধরে যমজ নবজাতকের মৃত্যু,বিচার দাবিতে মানববন্ধন

তিতাসে জামায়াতের ১২ গরু কোরবানি